রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতি যানবাহন জিপ গাড়ীর চাপায় পাম্প শ্রমিক রিপন সাহার (৩০) নিহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা পবিত্র সাহার ছেলে।
পাম্পের কর্মচারীদের দেওয়া তথ্য মতে জানা গেছে, একটি কালো জিপ গাড়ি যার নাম্বার ঢাকা মেট্রো- ঘ ১৩-৩৪৭৬ চালক এসে ৫ হাজার টাকার তেল নেন। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাঁধা প্রদান করলে তাকে চাঁপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মাঁথা থেঁতলে তিনি নিহত হয়।
পাম্পের সিসি টিভি ফুটেজ দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে টাকা না দিয়ে চলে যান তিনি।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলো একটি কালো রঙ্গের জিপ গাড়ি। এসময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন রিপনের মরদেহ মহাসড়কে পরে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিলো।’
ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।
এব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।’